স্টাফ রিপোর্টার :
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জাতীয় সংসদে জুয়া, অনলাইন জুয়া এবং ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার রোধে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ উত্থাপন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই বিলটি উত্থাপন করেন।
বিলটিতে জুয়া, অনলাইন জুয়া, বাজি (বেটিং), ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংসহ মোট ২৪টি বিষয়কে জুয়া হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধ অনুযায়ী ১৪ ধরনের সাজার বিধান রাখা হয়েছে।
বিলের অনুযায়ী, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ায় জড়িত থাকলে ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ভোগ করবেন। অনলাইন জুয়ায় যুক্ত থাকলে ৫ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ভোগ করবেন। অনলাইন বেটিংয়ে সম্পৃক্ত হলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ভোগ করবেন। ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড বা ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে।
বিলটি পরীক্ষা করে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
আইন-আদালত
জাতীয় সংসদে ” জুয়া প্রতিরোধ বিল ২০২৬” উত্থাপন, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড।
