মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:32
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
বিনোদন জগত

১০০ বছরের পুরোনো হীরার গয়নায় কারিনার রাজকীয় সাজ!

১০০ বছরের পুরোনো হীরার গয়নায় কারিনার রাজকীয় সাজ!

বিনোদন ডেস্কঃ

দীপাবলির সাজে এবার চমক দিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। উৎসব মানেই তার সাজে ট্র্যাডিশনাল শাড়ি কিংবা জমকালো লেহঙ্গার উপস্থিতি থাকবে, এমনটাই যেন প্রত্যাশা করেন ভক্তরা।

কিন্তু এবার সেই চেনা ছক ভেঙে একেবারে ভিন্ন অবতারে ধরা দিলেন অভিনেত্রী। বেজ রঙের ঝলমলে কাফতান, মাথায় মুক্তার রাজকীয় পাগড়ি আর তাতে বসানো শতবর্ষী হীরার কলগি (মাথার মুকুটে পরার এক ধরনের বিশেষ অলংকার)-সব মিলিয়ে তার দীপাবলির সাজে ছিল আভিজাত্য ও ঐতিহ্যের অনন্য মেলবন্ধন।
তবে পোশাক কিংবা গয়নার চেয়েও বেশি নজর কেড়েছে মাথার সেই বিশেষ অলংকার। কারণ এটি নিছক ফ্যাশন অ্যাক্সেসরি নয়,এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভোপালের নবাব পরিবারের প্রায় ১০০ বছরের রাজকীয় ইতিহাস!

কারিনার এই বিশেষ সাজের নেপথ্যের গল্প সামনে এনেছেন জুয়েলারি বিশেষজ্ঞ দীপ্তি শশীধরণ তার ইনস্টাগ্রাম পোস্টে। জানা যায়, ঐতিহাসিক এই হীরার কলগির সঙ্গে জড়িয়ে রয়েছে ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের নাম।
১৯২১-২২ সালে তিনি প্রিন্স অব ওয়েলস এডওয়ার্ডের সম্মানসূচক এইড-ডি-ক্যাম্প হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জনশ্রুতি অনুযায়ী, প্রিন্স অব ওয়েলসের পারিবারিক প্রতীকে থাকা তিনটি পালকের নকশা থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল এই বিশেষ হীরার অলংকার। পরে চার সারি মুক্তার সাহায্যে এটি পাগড়িতে আটকে রাখার ব্যবস্থা করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে রাজকীয় এই গয়না নবাব পরিবারের উত্তরাধিকার হয়ে ওঠে। নবাব হামিদুল্লাহ খানের কন্যা বেগম সাজিদা সুলতানের হাত ঘুরে এটি পৌঁছায় তার নাতি অভিনেতা সাইফ আলি খান-এর কাছে।
অর্থাৎ কারিনার মাথায় শোভা পাওয়া এই অলংকারের সঙ্গে জড়িয়ে রয়েছে তার স্বামী সাইফের পারিবারিক ঐতিহ্যও। এই পাগড়ির কারিনার কাছেও নতুন নয়। সাইফ ও কারিনার বিয়ের দিনেও অভিনেতার মাথায় দেখা গিয়েছিল ঐতিহাসিক এই অলংকার। এবার দীপাবলিতে সেই পারিবারিক ঐতিহ্যকেই নিজের সাজের অন্যতম আকর্ষণ করে তুললেন অভিনেত্রী।
মুক্তার পাগড়িতে আটকানো হীরার কলগিটি তার পুরো লুককে দিয়েছিল রাজকীয় আবহ। শাড়ি কিংবা লেহঙ্গার পরিবর্তে কারিনা বেছে নিয়েছিলেন ডিজাইনার পুণিত বালানা-র তৈরি কাস্টম বেজ রঙের কাফতান। পোশাকজুড়ে ছিল সূক্ষ্ম রুপালি সুতোর কাজ। হালকা রঙের এই পোশাকের সঙ্গে মাথার উজ্জ্বল অলংকারের বৈপরীত্য তৈরি করেছিল দারুণ এক ফ্যাশন স্টেটমেন্ট।
কারিনার সাজের আরেকটি আকর্ষণ ছিল তার গয়না। গলায় পরেছিলেন ভারী অ্যান্টিক গোল্ড চোকার। এর সঙ্গে লেয়ারিং করেছিলেন ৩০ ক্যারেট পান্নার পেনডেন্ট বসানো একটি নেকলেস। মজার বিষয় হলো, ২০০৩ সালে বোন কারিশমা কাপুরের বিয়েতেও এই একই চোকার পরেছিলেন কারিনা। অর্থাৎ প্রায় দুই দশকেরও বেশি পুরোনো গয়নাকে নতুন সাজে ফিরিয়ে এনে আবারও আলোচনায় এলেন তিনি।

মেকআপেও ছিল আভিজাত্যের ছোঁয়া। চোখে গাঢ় কাজল ও স্মোকি আইজ, গালে উষ্ণ ব্রোঞ্জের আভা এবং ঠোঁটে গ্লসি ন্যুড লিপস্টিক। সব মিলিয়ে সাজটি ছিল একই সঙ্গে আধুনিক, মার্জিত ও রাজকীয়। কারিনার এই দীপাবলির সাজের বিশেষত্ব শুধু দামি পোশাক কিংবা বহুমূল্য হীরার গয়নায় সীমাবদ্ধ নয়। বরং পুরোনো পারিবারিক ঐতিহ্যকে আধুনিক ফ্যাশনের সঙ্গে মিশিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে এর আসল আকর্ষণ।
পুরোনো গয়না যে সময়ের সঙ্গে আবেদন হারায় না, বরং নতুন প্রজন্মের হাতে নতুন অর্থ পেতে পারে, কারিনার সাজ যেন তারই উদাহরণ। এবার দীপাবলিতে তাই শুধু পোশাক দিয়ে নয়, শতবর্ষী রাজকীয় উত্তরাধিকার মাথায় তুলে নিয়েই নজর কাড়লেন বলিউডের এই ফ্যাশন ডিভা।

তথ্য ও ছবিঃ

বিনোদন মাধ্যম।

টপিক: বিনোদন জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ