ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ
পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর ২৩ বছরের অধ্যায়ের শেষটা ভালোভাবে হয়নি। জাতীয় দল থেকে অবসরের পর এবার ছেলের সতীর্থদের বিরুদ্ধে অসম্মানের অভিযোগ তুললেন তার মা দোলোরেস আভেইরো। এমনকি ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের হারেও খুশি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার লিসবনে স্পোর্টিং সিপির হোসে আলভালাদে স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দোলোরেস। সেখানে পর্তুগাল জাতীয় দল ও রোনালদোর সাবেক সতীর্থদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো। পর্তুগালের হয়ে তার ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ হয় তাতে। ছেলের বিদায়ের ধরন নিয়ে হতাশ দোলোরেস।
তিনি বলেন, ‘রোনালদো দুঃখ পেয়েছে। সে আশা করেছিল, সবকিছু অন্য রকম হবে। তারা তাকে ধোঁকা দিয়েছে। আমিও দুঃখিত।’
এরপর ডেনমার্কের কাছে পর্তুগালের হার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। তার মতে, এই হারের যোগ্য ছিল পর্তুগাল। ফলাফলে নিজের খুশির কথাও গোপন করেননি রোনালদোর মা। তিনি বলেন, ‘তারা হেরেছে, এই হার তাদের পাওনা ছিল। আমি খুশি হয়েছি।’
ছেলের সাবেক সতীর্থদের প্রতিও ক্ষোভ ঝরেছে তার কণ্ঠে। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’র বরাতে জানা গেছে, রোনালদো সতীর্থদের কাছ থেকেও প্রাপ্য সম্মান পাননি বলে মনে করেন দোলোরেস।
তিনি বলেন, ‘তাদের কেউই নয়। এটাই আমার অনুভূতি। তাকে সম্মান করা হয়নি। এমনকি তার সতীর্থরাও তাকে সম্মান করেনি।’
রোনালদোর বিদায় উপলক্ষে ব্রাগায় বিশেষ আয়োজন করেছিল পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগে মাঠে নামে দলটি। খেলোয়াড়দের গায়ে ছিল রোনালদোর নাম ও বিখ্যাত ৭ নম্বর জার্সির ছবি। ম্যাচের সপ্তম মিনিটে দর্শকেরাও করতালি দিয়ে সম্মান জানান সাবেক অধিনায়ককে। স্টেডিয়ামে দেখানো হয় তাকে ধন্যবাদ জানানো একটি বার্তা।
তবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রোনালদো। আর এতেই আপত্তি দোলোরেসের।
তিনি বলেন, ‘ব্রাগায় তারা যে সম্মাননা দিয়েছে, সেটা আমার ভালো লাগেনি। তাকে উপস্থিত রেখেই সম্মান জানানো উচিত ছিল।’
রোনালদোর ক্যারিয়ারের শুরু হয়েছিল স্পোর্টিং সিপিতে। দোলোরেসের বিশ্বাস, ছেলের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করবে এই ক্লাব। তার মতে, স্পোর্টিং আরও অর্থবহভাবে রোনালদোকে সম্মান জানাবে।
স্পোর্টিংয়ের স্টেডিয়ামে দোলোরেসের সম্মানে একটি ডে-সেন্টারের নাম পরিবর্তনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এদিকে দোলোরেসের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল পর্তুগালের কোচ হোর্হে জেসুসকে। নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের আগে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।
পর্তুগিজ সম্প্রচারমাধ্যম আরটিপির বরাতে জানা গেছে, জেসুস বলেন, ‘এখন কি আমাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মায়ের কথার জবাবও দিতে হবে?’
তবে বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়াতে চাননি অভিজ্ঞ এই কোচ। দোলোরেসের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ছেলের পক্ষে মায়ের অবস্থান নেওয়াকে স্বাভাবিক বলেও মনে করেন। জেসুস বলেন, ‘একজন মা তো দিনশেষে মা-ই।’
স্পোর্ট টিভিকে দেওয়া আরেক বক্তব্যে তিনি দোলোরেসের পারিবারিক সংগ্রামের কথাও উল্লেখ করেন। সন্তানদের বড় করতে তাকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে বলে জানান জেসুস। সমালোচনা সত্ত্বেও দোলোরেসের অবস্থানকে সম্মান করেন বলে জানান তিনি।
রোনালদোর অবসরের পর এটিই ছিল পর্তুগালের প্রথম ম্যাচ। সেই ম্যাচেই ডেনমার্কের কাছে ৪-১ গোলে হারে দলটি। ঘরের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এটি পর্তুগালের সবচেয়ে বড় পরাজয়।
জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি। পর্তুগালের হয়ে ১৪৬ গোল করে দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই মহাতারকা।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম
ছবিঃসংগৃহিত।