ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ
দেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ করতে আজ তৃতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড।
বোর্ডের ১১ নভেম্বর জারি করা এক সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে
রাজধানীর বিজয়নগরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক ন্যূনতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং শিল্প খাতটিতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ নিয়ে আলোচনা।
এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা নিম্নতম মজুরি প্রস্তাব করেছে। অন্যদিকে, মালিকপক্ষকে চারদিন সময় দেওয়া হয়েছে এবং তারা ১৫ নভেম্বর জমা দিবেন বলে জানিয়েছেন।
গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়েছিল। তবে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এবার ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
