মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:59
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

তিন দফা দাবি পূরণ হয়নি, বৃহস্পতিবার থেকে ফের অবরোধে সাজেক সড়ক!

তিন দফা দাবি পূরণ হয়নি, বৃহস্পতিবার থেকে ফের অবরোধে সাজেক সড়ক!

 

আলমগীর মানিক|রাঙামাটি প্রতিনিধিঃ

তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে। এতে সাজেকে পর্যটকবাহী যানবাহনসহ সাধারণ যান চলাচল বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যেই পর্যটন এলাকা ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তাঁরা।

বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এবং বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় পূর্বঘোষিত আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে আবারও সড়ক অবরোধ শুরু হচ্ছে।

বিবৃতিতে বিজয় কান্তি চাকমা উল্লেখ করেন, এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ভাষ্য অনুযায়ী সশস্ত্র সন্ত্রাসীদের উৎপাত বন্ধের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

অবরোধ চলাকালে সাধারণ যাত্রী ও পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছে। তবে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি এ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, অবরোধের কারণে সাজেকে যাতায়াত ও পর্যটন কার্যক্রমে নতুন করে অনিশ্চয়তা দেখা দিতে পারে। তাই ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের যাত্রার আগে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহনসংশ্লিষ্ট সূত্র থেকে সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ