সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের রাজৈরে সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন এবং একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাহিদুর রহমান নাহিদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকার গফুর হাওলাদারের তিন ছেলে লিটন হাওলাদার, টিটন হাওলাদার ও বাচ্চু হাওলাদার। একই এলাকার আতিয়ার হাওলাদারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তারা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ৫ জুলাই বাড়ি ফেরার পথে রাজৈরের বাসাবাড়ি ব্রিজ এলাকায় সেকান্দার আলী হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন আসামিরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই ইলিয়াস হাওলাদার বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন সিআইডির পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
