মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:03
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি।

বদলে যাচ্ছে কর্মজগৎ: কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে বাংলাদেশের শ্রমবাজারের ভবিষ্যৎ!

বদলে যাচ্ছে কর্মজগৎ: কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে বাংলাদেশের শ্রমবাজারের ভবিষ্যৎ!
সায়েন্স ডেস্কঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আজকের বিশ্বের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হচ্ছে—এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে? প্রশ্নটি একেবারে নতুন নয়। এর আগে বাষ্পীয় ইঞ্জিন, বিদ্যুৎ কিংবা ইন্টারনেটের মতো প্রযুক্তি মানুষের কাজের ধরন এবং পুরো অর্থনীতিকে বদলে দিয়েছে। তবে জেনারেটিভ এআইর আবির্ভাব আগের অনেক প্রযুক্তিগত পরিবর্তনের চেয়ে আলাদা। কারণ এটি শুধু মানুষের শারীরিক শ্রমের জায়গাতেই নয়, বরং মানুষের চিন্তা এবং বুদ্ধিবৃত্তিক কাজেও সরাসরি প্রবেশ করেছে। এ প্রযুক্তির বিকাশ কর্মসংস্থানের ক্ষেত্রে যে গভীর পরিবর্তন নিয়ে এসেছে, তা মানবজাতিকে একদিকে যেমন নজিরবিহীন দক্ষতার সুযোগ দিচ্ছে, অন্যদিকে সৃষ্টি করেছে এক তীব্র অনিশ্চয়তা।

এআই নিয়ে বিশ্বজুড়ে দুটি বিপরীত কথা শোনা যায়। এক পক্ষ মনে করে, এআই কোটি কোটি মানুষের চাকরি কেড়ে নেবে। অন্য পক্ষের যুক্তি হলো, ইতিহাসে প্রযুক্তি সবসময় নতুন কাজের সুযোগ তৈরি করেছে; কাজেই ভয়ের কিছু নেই। দুটি দাবিই আংশিক সত্য, আবার দুটিই অতিসরলীকরণ। বাস্তবতা হচ্ছে, এআই এর কারণে কিছু কাজ হারিয়ে যাবে, কিছু কাজের পরিমাণ কমবে, অনেক কাজের ধরন বদলে যাবে, আবার একই সঙ্গে নতুন কাজের সুযোগও তৈরি হবে।

বিশ্বের বিভিন্ন গবেষণায়ও এআইর প্রভাবের একই চিত্র দেখা যাচ্ছে। আইএমএফের ২০২৪ সালের এক বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৪০ শতাংশ চাকরিতে কোনো না কোনোভাবে এআইর প্রভাব পড়তে পারে; উন্নত দেশগুলোতে এ হার প্রায় ৬০ শতাংশ। আন্তর্জাতিক শ্রম সংস্থার ভিন্ন একটি গবেষণায় বলা হয়েছে, বিশ্বে প্রতি চারটি চাকরির মধ্যে একটির ওপর জেনারেটিভ এআইর প্রভাব পড়বে। এর অর্থ এই নয় যে, প্রতি চারজনে একজন চাকরি হারাবেন। বেশিরভাগ ক্ষেত্রে পুরো চাকরি বিলুপ্ত হওয়ার বদলে কাজের কিছু অংশ এআই দিয়ে করা হবে।

অর্থাৎ এআইয়ের প্রভাব মানেই চাকরি হারানো নয়। এটি কিছু কাজকে সহজ করবে, কিছু জায়গায় উৎপাদনশীলতা বাড়াবে, আবার কিছু ক্ষেত্রে কর্মীর প্রয়োজনীয়তা কমিয়ে দেবে। কোনটি ঘটবে, তা নির্ভর করবে প্রতিষ্ঠান, বাজার ও নীতিনির্ধারণের ওপর।

এআই শুধু চাকরি কমাচ্ছেই না, নতুন চাকরির সুযোগও তৈরি করছে। এক জরিপ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে প্রায় ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হওয়ার বিপরীতে প্রায় ১৭ কোটি নতুন চাকরি তৈরি হতে পারে। তবে এটি নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়, একটি অনুমান মাত্র। নতুন চাকরির সুযোগ তৈরি হলেও পুরোনো কাজ হারানো মানুষগুলো নতুন কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন কি না, সে সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। কারণ এআইর কারণে শুধু কাজের সংখ্যা নয়, কাজের ধরনও দ্রুত বদলে যাচ্ছে।

ডাটা বিশ্লেষণ, মেশিন লার্নিং, সাইবার নিরাপত্তা, এআই ব্যবস্থাপনা এবং এআইভিত্তিক নানা পেশার চাহিদা এরই মধ্যে তৈরি হয়েছে। সামনে এমন আরও অনেক কাজ আসতে পারে, যেগুলোর নাম বা ধরন আজ আমাদের কল্পনার মধ্যেও নেই। তাই বর্তমান পরিস্থিতিকে ‘কাজের অভাব’ হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা পড়বে না। সত্য হচ্ছে, ভবিষ্যতে যে ধরনের কাজের চাহিদা বাড়বে, সেই কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা এখনো আমাদের অনেকের নেই।

যেসব কাজ একই নিয়ম মেনে বারবার করা যায়, সেসব ক্ষেত্রে এআই দ্রুত ও কম খরচে কাজ করতে পারে। কিন্তু সৃজনশীলতা, বিচারবুদ্ধি, মানুষের অনুভূতি বোঝা, মানবিক সিদ্ধান্ত নেওয়া কিংবা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরির মতো জায়গায় এখনো মানুষের গুরুত্ব অনেক বেশি। ফলে ভবিষ্যতের কর্মক্ষেত্রে প্রতিযোগিতাটা হয়তো আর ‘মানুষ বনাম এআই’ থাকবে না; বরং হয়ে উঠবে ‘এআইকে কাজে লাগাতে পারে—এমন মানুষ বনাম এআইকে কাজে লাগাতে পারে না—এমন মানুষ’-এর প্রতিযোগিতা। আর এ পরিবর্তনের প্রভাব শুধু উন্নত দেশগুলোতেই সীমাবদ্ধ নেই; দক্ষিণ এশিয়ার শ্রমবাজারেও এর প্রভাব দেখা যাচ্ছে।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, যেসব পেশায় এআইর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে, সেসব পেশায় চাকরির বিজ্ঞপ্তি অন্য কিছু পেশার তুলনায় প্রায় ২০ শতাংশ কমেছে। একই সময়ে এআই-সম্পর্কিত দক্ষতার চাহিদা দ্রুত বেড়েছে। ২০২৩ সালের শুরু থেকে ২০২৫ সালের প্রথম দিক পর্যন্ত দক্ষিণ এশিয়ায় এআই-সম্পর্কিত চাকরির বিজ্ঞপ্তির হার ২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ৫ শতাংশ হয়েছে। অর্থাৎ পরিবর্তনটা একমুখী নয়। নতুন ধরনের কাজের সুযোগ তৈরি হচ্ছে এবং এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বদলাতে না পারলে অনেক মানুষ পিছিয়ে পড়বেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য বিষয়টি তাই শুধু প্রযুক্তির পরিবর্তন নয়; এটি কর্মসংস্থানের ভবিষ্যতের সঙ্গেও সরাসরি জড়িত। বাংলাদেশের জন্য এ পরিবর্তনের গুরুত্ব আরও বেশি।

বাংলাদেশের সামনে একই সঙ্গে সুযোগ এবং ঝুঁকি—দুটিই রয়েছে। এআই উৎপাদনশীলতা বাড়াতে পারে, নতুন ব্যবসার সুযোগ তৈরি করতে পারে এবং কম সময়ে বেশি কাজ করার সুযোগ দিতে পারে। আবার প্রস্তুতি যথেষ্ট না থাকলে দেশের বিপুলসংখ্যক মানুষের জীবিকা ঝুঁকির মুখেও পড়তে পারে। আইএমএফের এআই প্রস্তুতি সূচকে ডিজিটাল অবকাঠামো, মানবসম্পদ এবং নীতিগত প্রস্তুতির জায়গায় বাংলাদেশের বেশকিছু ঘাটতি রয়েছে।

বাংলাদেশের অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ ভিত্তি—তৈরি পোশাক শিল্প, সেবা খাত, ফ্রিল্যান্সিং ও প্রবাসী আয়। এসব ক্ষেত্রেই এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রভাব ধীরে ধীরে বাড়ছে। তৈরি পোশাক শিল্পে স্বয়ংক্রিয়তার ব্যবহার এর একটি বড় উদাহরণ। বাংলাদেশের পোশাক খাতে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। এ খাতে রোবোটিক্স, এআইনির্ভর কাটিং, স্বয়ংক্রিয়ভাবে পণ্যের মান যাচাই এবং উৎপাদন পরিকল্পনায় সফটওয়্যারের ব্যবহার বাড়ছে। বিভিন্ন গবেষণা ও অর্থনৈতিক বিশ্লেষণে আশঙ্কা করা হয়েছে, এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে আগামী কয়েক বছরে দেশের পোশাক ও উৎপাদন খাতে ১০ লাখের বেশি শ্রমিক কাজ হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। যেসব জায়গায় মানুষের হাতে কাজ করার প্রয়োজন বেশি, সেসব ক্ষেত্রে পরিবর্তনের চাপ বেশি হতে পারে। আর পোশাক খাতে নারী শ্রমিকের সংখ্যা বেশি হওয়ায় এ পরিবর্তনের প্রভাব নারীদের ওপর তুলনামূলক বেশি পড়ার আশঙ্কা রয়েছে।

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের ক্ষেত্রেও পরিবর্তনটা স্পষ্ট। বাংলাদেশকে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ আউটসোর্সিং হাব হিসেবে গণ্য করা হয়। কিন্তু বাংলাদেশের অধিকাংশ ফ্রিল্যান্সার যেসব কাজ করেন, যেমন ডাটা এন্ট্রি, ওয়েব ডিজাইন, কনটেন্ট রাইটিং, ট্রান্সক্রিপশন ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট—সেসব কাজ এখন বিভিন্ন এআই টুলস দিয়ে মুহূর্তেই বিনামূল্যে করিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজার থেকে নিম্নদক্ষতার ফ্রিল্যান্সিং কাজগুলোর চাহিদা দ্রুত কমছে। তবে যারা নিজেদের দক্ষতা বাড়িয়ে এআই ব্যবহার, ডাটা বিশ্লেষণ কিংবা এআইভিত্তিক সফটওয়্যার ও অ্যাপ তৈরির দিকে যাচ্ছেন, তাদের জন্য নতুন সুযোগও তৈরি হচ্ছে।

একই পরিবর্তন দেখা যাচ্ছে দেশের ব্যাংক, টেলিকম, ই-কমার্স ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানেও। কাস্টমার কেয়ারে মানুষের পাশাপাশি এখন চ্যাটবট কাজ করছে, হিসাবরক্ষণ ও অডিটের কিছু কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে করা হচ্ছে। এর প্রভাব চাকরির একেবারে শুরুর দিকের পদগুলোতে বেশি পড়তে পারে। কারণ নতুন কর্মীরা সাধারণত যে ধরনের কাজ দিয়ে কর্মজীবন শুরু করে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করতেন, তার কিছু অংশ এখন প্রযুক্তি দিয়ে সহজেই করা সম্ভব। বাংলাদেশের বিপুলসংখ্যক বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণী প্রতি বছর চাকরির বাজারে প্রবেশ করেন। তাদের জন্য এ পরিবর্তন তাই শুধু প্রযুক্তির বিষয় নয়, ভবিষ্যৎ জীবিকারও বিষয়।

তবে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সুযোগও এ তরুণ জনগোষ্ঠী। বিপুলসংখ্যক তরুণকে প্রয়োজনীয় দক্ষতা দিয়ে গড়ে তুলতে পারলে এ জনসংখ্যাই দেশের অর্থনীতির বড় শক্তিতে পরিণত হতে পারে। কিন্তু সেই দক্ষতা তৈরি করা না গেলে একই জনসংখ্যা একসময় দেশের জন্য বড় চাপ হয়ে দাঁড়াতে পারে। তাই তরুণ মানুষের সংখ্যা শুধু বেশি হলেই হবে না; তাদের এমন জ্ঞান ও দক্ষতা থাকতে হবে, যার চাহিদা দেশের ভেতরে ও আন্তর্জাতিক শ্রমবাজারে রয়েছে। তা না হলে বৈশ্বিক শ্রমবাজারে অন্য দেশের দক্ষ কর্মীদের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে।

এ প্রস্তুতির শুরুটা করতে হবে প্রাথমিক শিক্ষা থেকেই। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এখনো অনেকটাই মুখস্থনির্ভর। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই মুখস্থ করানোর বদলে কীভাবে সমস্যা সমাধান করতে হয়, কীভাবে প্রশ্ন করতে হয়, তথ্য যাচাই করতে হয় এবং প্রযুক্তিকে কাজে লাগাতে হয়—এসব শেখাতে হবে। ডিজিটাল জ্ঞান, যুক্তিভিত্তিক চিন্তা, তথ্য বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হওয়া দরকার।

এর পাশাপাশি যারা এরই মধ্যে কর্মজীবনে আছেন, তাদের জন্যও নতুন দক্ষতা শেখার সুযোগ তৈরি করতে হবে। কোনো কারখানায় স্বয়ংক্রিয় মেশিন আসার কারণে যদি আগের তুলনায় কম শ্রমিকের প্রয়োজন হয়, তাহলে যাদের প্রয়োজন কমে যাচ্ছে, তাদের মধ্য থেকে উপযুক্ত কর্মীদের অন্য দায়িত্বে যুক্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। একইভাবে অন্য খাতেও প্রযুক্তির কারণে কাজের ধরন বদলে গেলে কর্মীদের নতুন কাজের জন্য প্রস্তুত করার ব্যবস্থা থাকতে হবে। সরকার, শিল্পপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানগুলোকে এক্ষেত্রে একসঙ্গে কাজ করতে হবে।

এআই ব্যবহারের জন্য বাস্তবসম্মত নীতিমালাও প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার যেন বাধাগ্রস্ত না হয়, আবার এর সুবিধা যেন শুধু অল্প কিছু মানুষের হাতে আটকে না থাকে—এ ভারসাম্য তৈরি করতে হবে। একই সঙ্গে দেশের নিজস্ব প্রযুক্তি, নতুন উদ্যোগ ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানো দরকার। এআইর ব্যবহার বাড়বে; কিন্তু তার সঙ্গে যেন দেশের মানুষের জন্য নতুন কাজ ও নতুন সুযোগও তৈরি হয়, সেই দিকেও নজর দিতে হবে।

প্রযুক্তির সুবিধা দেশের সব মানুষের কাছে পৌঁছানোর জন্য অবকাঠামোর উন্নয়নও জরুরি। দ্রুতগতির ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং সাশ্রয়ী প্রযুক্তি ও ক্লাউড সেবার সুযোগ শুধু বড় শহরে সীমাবদ্ধ থাকলে চলবে না। শহর ও গ্রামের মধ্যে প্রযুক্তিগত ব্যবধান যত বাড়বে, ভবিষ্যতের সুযোগের ব্যবধানও তত বাড়তে পারে।

ব্যক্তিগত পর্যায়েও প্রস্তুতির প্রয়োজন আছে। একজন কর্মীর জন্য সবচেয়ে বাস্তবসম্মত পথ হলো এআইকে এড়িয়ে না গিয়ে তা ব্যবহার করতে শেখা। একই সঙ্গে এমন কিছু দক্ষতা তৈরি করা, যা যন্ত্রের পক্ষে সহজে অনুকরণ করা কঠিন—যেমন বিচারবুদ্ধি, মানুষের সঙ্গে যোগাযোগ, বাস্তব অভিজ্ঞতা, নেতৃত্ব, দায়িত্ববোধ এবং নিজের কাজ সম্পর্কে গভীর জ্ঞান। ভবিষ্যতের কর্মক্ষেত্রে প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা না করে প্রযুক্তির পাশাপাশি কাজ করতে হলে এসব দক্ষতাই একজন কর্মীকে আরও মূল্যবান করে তুলতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো অলৌকিক আশীর্বাদ নয়, আবার কোনো নিশ্চিত বিপর্যয়ও নয়। এটি মানুষের তৈরি একটি শক্তিশালী প্রযুক্তি, যার ফল নির্ভর করবে আমরা কীভাবে তাকে ব্যবহার করছি তার ওপর। এআই জটিল রোগের চিকিৎসা, গবেষণা, উৎপাদনশীলতা এবং নানা কঠিন সমস্যা সমাধানে মানুষের পাশে দাঁড়াতে পারে। আবার প্রস্তুতি, নীতিমালা ও সুযোগের সঠিক বণ্টন না থাকলে এটি আয়বৈষম্য বাড়াতে ও ব্যাপক বেকারত্বের সৃষ্টি করতে পারে।

বাংলাদেশের জন্য এআই মূলত একটি সতর্কবার্তা। এতদিন কম খরচের শ্রম আমাদের অর্থনীতির বড় শক্তি ছিল। কিন্তু প্রযুক্তির অগ্রগতি সেই সুবিধাকে ধীরে ধীরে বদলে দিচ্ছে। আগামী দিনের বিশ্বে শুধু সস্তা শ্রম দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। আমাদের প্রয়োজন হবে দক্ষ মানুষ, উন্নত শিক্ষা এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতার। বাস্তবতাকে মেনে নিয়ে প্রস্তুত হওয়ার সময় এখনই। এআই আমাদের কাজের জগৎ বদলাবে—কতটা বদলাবে, তা হয়তো এখনো পুরোপুরি জানা নেই। কিন্তু যারা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকবে, তাদের সামনে নতুন দরজা খোলার সম্ভাবনা থাকবে। আর যারা পরিবর্তনকে উপেক্ষা করবে, তাদের জন্য পথটা ক্রমেই কঠিন হয়ে উঠতে পারে। বাংলাদেশের তরুণ ও কর্মক্ষম মানুষদের সেই পরিবর্তনের জন্য প্রস্তুত করে তোলাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ